গাইবান্ধা সদর উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধা পৌরসভা ও বল্লমঝাড় ইউনিয়নের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গাইবান্ধা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে গাইবান্ধা পৌরসভার শাপলামিল এলাকার পাশে পিবিআই মাঠে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনের অভিযোগে রুবেল মিয়া (৩২) ও মালেক মিয়া (২২) নামে দুজনকে আটক করা হয়।

আটক রুবেল মিয়া গাইবান্ধা পৌরসভার দক্ষিণ ধানঘড়া, শাপলামিল এলাকার মৃত মনজুল মিয়ার ছেলে। অপরজন মালেক মিয়া উত্তর ধানঘড়া এলাকার মো. কফিল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, পরে তাদের গাইবান্ধা জেনারেল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর তারা ইয়াবা সেবন করেছেন মর্মে মতামত দিয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় গাইবান্ধা সদর থানায় নন-এফআইআর প্রসিকিউশন নম্বর ১৭৮/২০২৬ দাখিল করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এরপর রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে বল্লমঝাড় ইউনিয়নের খামার টেংগরজানী মোড় এলাকায় একটি বসতবাড়ির আঙিনা থেকে খুশি মিয়া (৩৩) নামে আরেকজনকে মাদকদ্রব্য সেবনের অভিযোগে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, খুশি মিয়া ওই এলাকার এন্তাজ আলীর ছেলে। তাকেও গাইবান্ধা জেনারেল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হলে চিকিৎসক ইয়াবা সেবনের বিষয়ে মতামত দেন বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে একই আইনের একই ধারায় গাইবান্ধা সদর থানায় নন-এফআইআর প্রসিকিউশন নম্বর ১৭৯/২০২৬ দাখিল করা হয়েছে।

অন্যদিকে, রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে গাইবান্ধা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া এলাকার নগর মাতৃসদন ক্লিনিকের খোলামাঠে অভিযান চালিয়ে মুহিত হাসান (১৯) নামে এক তরুণকে আটক করা হয়।

মুহিত হাসান সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা (ভবানীপুর) এলাকার মো. সাইদার রহমানের ছেলে। পুলিশ জানায়, স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক তাঁর ইয়াবা সেবনের বিষয়ে মতামত দিয়েছেন।

এ ঘটনায় মুহিত হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় গাইবান্ধা সদর থানায় নন-এফআইআর প্রসিকিউশন নম্বর ১৮০/২০২৬ দাখিল করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক চারজনের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।