জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অনলাইনভিত্তিক অ্যাপের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম নিয়ে গণমাধ্যমকর্মীদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সার বিতরণে ফার্টিলাইজার ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম (এফডিএমএস) নামের অ্যাপের কার্যপ্রণালি, সুবিধা ও সম্ভাব্য ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম অ্যাপটির বিভিন্ন দিক তুলে ধরেন।
তাঁরা জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় অ্যাপটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে কৃষকের জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে অ্যাপে নিবন্ধন ও এন্ট্রির মাধ্যমে সার বিতরণের হিসাব সংরক্ষণ করা হবে। একজন কৃষক একবার সার উত্তোলনের পর একই পরিচয়ে পুনরায় সার নেওয়ার চেষ্টা করলে তা শনাক্ত করার ব্যবস্থা থাকবে।
প্রশাসনের কর্মকর্তারা বলেন, ডিজিটাল পদ্ধতিতে কৃষকের সার উত্তোলনের তথ্য সংরক্ষণ করা হলে বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়তে পারে। একই সঙ্গে ডিলার পর্যায়ে অনিয়ম এবং সার বিতরণে কারসাজি কমাতেও পদ্ধতিটি সহায়ক হতে পারে।
অ্যাপটি বকশীগঞ্জ উপজেলার তরুণ শিক্ষার্থী হৃদয় হাসান রাফি তৈরি করেছেন বলে সভায় জানানো হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশা করা হয়, প্রযুক্তিনির্ভর এই পদ্ধতি কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে সার বিতরণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে এবং কৃষকদের সার পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান কিছু সমস্যা কমানো সম্ভব হবে।
সভায় বকশীগঞ্জ উপজেলার স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।