নেত্রকোনার মদনে শিশু-কিশোরদের ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও কোরআন-সুন্নাহভিত্তিক মানবিক গুণাবলির বিকাশের লক্ষ্যে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মদন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মদন পৌরসভার সাবেক মেয়র প্রার্থী ও পৌর যুবদলের সাবেক সদস্যসচিব মো. এনামুল হকের ব্যক্তিগত উদ্যোগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) মদন উপজেলা শাখার সভাপতি মুফতি আনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

শায়খে ফতেহপুরী দেওয়ান মাসুম ইয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা মুফতি দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার। এ ছাড়া বক্তব্য দেন মদন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবিরসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

আয়োজক মো. এনামুল হক বলেন, দ্বীনি শিক্ষার প্রসার, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং নৈতিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলার লক্ষ্যেই তিনি এ প্রতিযোগিতার আয়োজন করেছেন।

তিনি বলেন, সমাজের বিত্তবানরা এ ধরনের উদ্যোগে এগিয়ে এলে কিশোর-যুবকদের মাদকাসক্তি থেকে দূরে রাখা, অপসংস্কৃতির প্রভাব মোকাবিলা এবং কিশোর গ্যাং সংস্কৃতি প্রতিরোধে ভূমিকা রাখা সম্ভব বলে তিনি মনে করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় মদন পৌরসভার ছয়টি মাদরাসার ৪৫ জন শিক্ষার্থী দুইটি গ্রুপে অংশ নেয়। বিভিন্ন কওমি মাদরাসার শিক্ষক, আলেম-ওলামা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ বিল্লাল হোসেন, হাফেজ আব্দুস সালাম ও হাফেজ মাওলানা মুফতি মাহবুব রহমানসহ অন্যরা।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম।