সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকায় অভিযান চালিয়ে খাদ্যপণ্যে অননুমোদিত বা ক্ষতিকর রং ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ বেকারি পণ্য বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন খাদ্যপণ্য পরীক্ষা ও প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিদর্শন করা হয়।

অভিযানে সুমি ফাস্ট ফুড বেকারিকে ১ লাখ টাকা, সিয়াম ফাস্ট ফুড অ্যান্ড লাইভ বেকারিকে ৫০ হাজার টাকা এবং হৃদয় কনফেকশনারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মো. শরিফ উদ্দিন ও জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরাও অংশ নেন।

অভিযানসংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠানগুলোর খাদ্যপণ্য পরিদর্শনের সময় ভোক্তাদের জন্য ক্ষতিকর হতে পারে এমন রং ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ বেকারি পণ্য বিক্রির বিষয়টি শনাক্ত করা হয়। পরে প্রচলিত আইন অনুযায়ী প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, খাদ্যপণ্যে ক্ষতিকর উপাদান ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজারে নিয়মিত তদারকি ও আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।