দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৪৯ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তদের নিয়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৮৩৭ জনে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন।
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে আক্রান্ত ও মৃত্যুর এ চিত্র উঠে আসছে।