সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করার খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিষয়টি পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিচে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার আবেদনের খবর তিনি শুনেছেন এবং সংবাদমাধ্যমে দেখেছেন। তবে এর সত্যতা এখনো নিশ্চিত হতে পারেননি।

আবেদনের বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে, এ ধরনের আবেদন করার আইনগত ভিত্তি রয়েছে কি না এবং আবেদন করার অধিকার তাঁর আছে কি না।

বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরানোর উদ্যোগ

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।

পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার খবর

জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফিরে পেতে নতুন করে আবেদন করার খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সোমবার তিনি পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ আবেদনের সত্যতা এখনো সরকারের পক্ষ থেকে যাচাই করা হয়নি।