সুনামগঞ্জের শান্তিগঞ্জে অভিযান চালিয়ে ৫ লিটার চোলাইমদ ও ৫ লিটার ওয়াশসহ কাজলী দাস (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা থেকে রাত ৯টার মধ্যে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জ ‘খ’ সার্কেলের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার কাজলী দাস কান্দিগাঁও গ্রামের বাসিন্দা। তার নিজ দখলীয় বসতঘরে অভিযান চালিয়ে ৫ লিটার চোলাইমদ ও ৫ লিটার ওয়াশ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত কাজলী দাস কান্দিগাঁও গ্রামের মৃত বধুয়া রবিদাসের স্ত্রী এবং মৃত মুনিয়া দাসের মেয়ে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ক্রমিক নম্বর ২৪(ক) ও ৩৭ ধারায় শান্তিগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আতাউর রহমান সজীব।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।