ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, “বিএনপি গণমানুষের দল। জনগণের জন্য যত বেশি কাজ করবেন, দলের মধ্যে তত বেশি মূল্যায়িত হবেন।”
তিনি দলীয় নেতাকর্মীদের জনবান্ধব কর্মসূচি গ্রহণ করে মানুষের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান। পাশাপাশি নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পাড়া-মহল্লায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বিএনপির বর্তমান নেতৃত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের মতো জীবনযাপন করে জনগণের জন্য কাজ করার দৃষ্টান্ত অনুসরণ করা উচিত। তাঁর ভাষ্য অনুযায়ী, দলীয় নেতৃত্বও নেতাকর্মীদের জনগণের জন্য কাজ করার ওপর গুরুত্ব দিচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে ত্রিশাল উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ডা. মাহবুবুর রহমান লিটন র্যালিটির উদ্বোধন করেন। র্যালিটি ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে ডা. মাহবুবুর রহমান লিটন ছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, আব্দুল আউয়াল ফরাজী, আনিসুজ্জামান মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসাইন মিলন, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল ও আব্দুল মতিনসহ স্থানীয় নেতারা।
র্যালি ও সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।