মাদকের ভয়াবহতা রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে নোয়াখালী জেলার বিভিন্ন থানা ও বিট এলাকায় মাদকবিরোধী র্যালি, সমাবেশ ও বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ।
৩১ আগস্ট নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এ কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার ৬টি থানায় একযোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
জনসচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি জেলার বিভিন্ন থানা ও বিট এলাকায় দিনব্যাপী মোট ২০টি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
এসব অভিযানে সর্বমোট ৮৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ২ জন মাদক ব্যবসায়ী ও ২ জন মাদকসেবী রয়েছেন। এছাড়া মাদকসংক্রান্ত ঘটনায় ২টি নিয়মিত মামলা দায়ের করে সেই মামলায় আরও ২ জনকে গ্রেফতার দেখানো হয়।
অভিযানকালে বেগমগঞ্জ মডেল থানায় মোবাইল কোর্টের মাধ্যমে ১ জন মাদকসেবীকে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অন্যদিকে সোনাইমুড়ী থানায় সামারি ট্রায়ালের মাধ্যমে ২ গ্রাম গাঁজাসহ গ্রেফতারকৃত ১ জন মাদকসেবীকে ৮ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে নোয়াখালী জেলা পুলিশ মাদক ব্যবসা, সরবরাহ, বহন ও সেবনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আহমেদ পেয়ার (আ্যান্ড অপস্) জানান।
নোয়াখালীতে মাদকবিরোধী র্যালি ও বিশেষ অভিযানে গ্রেফতার-৪, ইয়াবা ও গাঁজা উদ্ধার!