বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বাউফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের দলীয় মতপার্থক্য ও ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন উপজেলা ও পৌর বিএনপির নেতারা।
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে বাউফল উপজেলা বিএনপির হাচন দালাল মার্কেট কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ আগামী ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি একসঙ্গে ও ঐক্যবদ্ধভাবে পালনের সিদ্ধান্ত নেন। একই সঙ্গে ভবিষ্যতে বাউফলে বিএনপির দলীয় কোনো কর্মসূচি বা অনুষ্ঠান পৃথকভাবে নয়, ঐক্যবদ্ধভাবে পালন করার বিষয়ে নেতারা একমত পোষণ করেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গনি সিকদার, সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সহসভাপতি শাহজাহান হাওলাদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ এবং বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তিই বিএনপিকে আরও শক্তিশালী করতে পারে। তাই সব ধরনের মতপার্থক্য ও ভেদাভেদ ভুলে দলের বৃহত্তর স্বার্থে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ও শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানান তারা।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি, সাংগঠনিক বিষয় এবং কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনা নিয়েও আলোচনা করা হয়।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।