বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে তারেক রহমান ১৮০ দিনে দেশকে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে, গণতন্ত্র ও উন্নয়নের ইতিবাচক পথে যাত্রা শুরু করেছেন। দেশবাসীর সহযোগিতায় ইনশাআল্লাহ তারেক রহমান আত্মমর্যাদাশীল, কল্যাণমুখী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবেন।’
সোমবার (১৭ আগস্ট) হালুয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে হালুয়াঘাট পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল আজিজ খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আব্দুল আজিজ খান ছিলেন বিএনপির একজন ত্যাগী, পরোপকারী, মানবিক ও কর্মীবান্ধব নেতা। দলের প্রতিটি কর্মসূচি তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। বিএনপির আন্দোলন-সংগ্রামের প্রতিটি পর্যায়ে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দুঃসময়ে তিনি দলের পাশে ছিলেন এবং নেতাকর্মীদের সাহস জুগিয়েছেন।
তিনি বলেন, ‘আজিজ খান শুধু একজন রাজনৈতিক কর্মী বা নেতা ছিলেন না, তিনি ছিলেন মানুষের আপনজন। নেতাকর্মীদের বিপদে-আপদে তিনি পাশে দাঁড়াতেন। তাঁর মতো নিবেদিতপ্রাণ নেতার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তাঁর ত্যাগ, আদর্শ ও মানবিক কর্মকাণ্ড আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’
বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবনের গুরুত্বপূর্ণ সময় ত্যাগ করেছেন, তাঁদের অবদান জাতি কখনো ভুলবে না। আব্দুল আজিজ খানও দলের দুঃসময়ে নিজের অবস্থান থেকে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর রাজনৈতিক জীবন নতুন প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুসরণীয়।
হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান স্বাধীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির , যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, কাজী ফরিদ আহমেদ পলাশ , জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসেনে আরা নীলু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজিকুল ইসলাম ও আনোয়ার হোসেন, জেলা যুবদলের সহ-সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসিফ, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, শ্রমিক দলের সভাপতি আব্দুল গনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, সদস্য সচিব আলিমুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি, সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর এবং পৌর যুবদলের আবদুল মালেক সোহান।
পরে আব্দুল আজিজ খানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় ।
এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মরহুমের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন ।
এর আগে মরহুম আব্দুল আজিজ খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে হালুয়াঘাটে দলীয় কার্যালয়ে খতমে কোরআন অনুষ্ঠিত হয়। পরে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, বিএনপির ত্যাগী নেতা আব্দুল আজিজ খান ২০২৫ সালের ১৬ আগস্ট ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা তাঁর রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
