ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন হককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৯ আগস্ট) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, ইমিগ্রেশন পুলিশ বিমানবন্দর এলাকা থেকে ডন হককে আটক করে। পরে সিআইডির একটি দল সেখানে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

সিআইডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ডনের বিরুদ্ধে একটি মামলা তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তার কাছ থেকে মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে ধারণা করা হচ্ছে, সালমান শাহ হত্যা মামলার তদন্তের অংশ হিসেবেই ডন হককে হেফাজতে নেওয়া হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে।

সম্প্রতি সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় একটি হত্যা মামলা করেন। এতে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খল অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

নতুন মামলার তদন্তের মধ্যেই ডন হককে বিমানবন্দর থেকে আটকের ঘটনায় সালমান শাহর মৃত্যুর রহস্য ফের আলোচনার কেন্দ্রে এসেছে।