আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ভারতের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং তা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্রিকসের সদস্য না হলেও বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
বর্তমানে ব্রিকসের সদস্য দেশগুলো হলো—ব্রাজিল, চীন, মিসর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাত।
ভারতে চলমান ছাত্র আন্দোলন এবং সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, “বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক, সেটিই আমরা চাই। আমরা আশা করি, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত তাদের জনগণের উদ্বেগ বিবেচনায় নিয়ে সমস্যার শান্তিপূর্ণ সমাধানে এগিয়ে যাবে।”