চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তদন্তের স্বার্থে তাকে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ট্রাইব্যুনালে শুনানিতে মোজাফফরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো, দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি এবং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য অতিরিক্ত দুই মাস সময়ের আবেদন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার সুবিধাজনক সময়ে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে আগামী ২৩ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেন।

এর আগে সকালে মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বর্তমানে তিনি ঢাকা সেনানিবাসের কারাগারে রয়েছেন।

একই মামলায় অভিযুক্ত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকেও বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের দাবি, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে সংঘটিত বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে মোজাফফরের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত হত্যাকাণ্ডে মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল বলে অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।