রাশিয়ার মস্কো ও তামবভ অঞ্চলে ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোন হামলায় অন্তত আটজন শ্রমিক নিহত হয়েছেন। হামলায় একাধিক বড় গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আকাশজুড়ে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। আহত হয়েছেন প্রায় ৬০ জন, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইউক্রেনের দাবি, রাশিয়ার ধারাবাহিক হামলার জবাব হিসেবে তারা দূরপাল্লার ড্রোন অভিযান চালাচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার তেল অবকাঠামোর পাশাপাশি এবার দেশটির বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের দুটি গুরুত্বপূর্ণ লজিস্টিক গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়।
তামবভ অঞ্চলের গভর্নর ইভগেনি পারভিশভ জানান, একটি ওয়াইল্ডবেরিজ গুদামে হামলার সময় রাতের শিফটে কর্মরত সাতজন শ্রমিক নিহত হন। একই সময়ে মস্কো অঞ্চলের আরেকটি গুদাম ও একটি তেল ডিপোতেও হামলা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
ওয়াইল্ডবেরিজের প্রধান নির্বাহী কর্মকর্তা তাতিয়ানা কিম ঘটনাকে প্রতিষ্ঠানটির ইতিহাসে অন্যতম ভয়াবহ রাত উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
হামলার পর মস্কোর আকাশে কয়েক ঘণ্টা ধরে ঘন কালো ধোঁয়া দেখা যায়। মস্কো অঞ্চলের এলেকট্রোস্টাল এলাকায় অগ্নিনির্বাপণ কর্মীরা দীর্ঘ সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এছাড়া একটি খালি কিন্ডারগার্টেন ভবন ক্ষতিগ্রস্ত হলেও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রাশিয়ার রাজধানীর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, এক রাতেই মস্কোর দিকে ৩৭০টির বেশি ইউক্রেনীয় ড্রোন পাঠানো হয়েছিল। তিনি আরও জানান, ১১ থেকে ১৮ জুলাইয়ের মধ্যে রাজধানীমুখী ১ হাজার ৮৯২টি ড্রোন রুশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।
বিশ্লেষকদের মতে, এই হামলা ইউক্রেনের দূরপাল্লার ড্রোন সক্ষমতার নতুন দৃষ্টান্ত এবং রাশিয়ার অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে হামলার প্রবণতা আরও বেড়েছে। এর ফলে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ নতুন মাত্রা পেতে পারে।
