ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে ১০দিনব্যাপী জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ ময়দানে ১০দিনব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ।
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আবুসাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোবারক হোসেন এবং সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি।

ব্রাহ্মণবাড়িয়ায় ১০দিনব্যাপী জাতীয় বৃক্ষমেলায় স্টলগুলো পরিদর্শন করছেন অতিথিরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের সহকারী বন সংরক্ষক পিঙ্কি রানী মজুমদার।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন ও জীবিকার সাথেও ওতপ্রোতভাবে জড়িত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনই ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, সৌদি আরবের মতো মরু দেশেও ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশের সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বৃক্ষরোপণ কর্মসূচিকে এদেশে জনপ্রিয় করেছিলেন। বর্তমান সরকারও বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্বারোপ করছে। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। এ সময় তিনি প্রতি বছর ৫ লাখ গাছ রোপণের মাধ্যমে আগামী ৫ বছরে ২৫ লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেন।
১০দিনব্যাপী এই মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা নিয়ে অনেকগুলো স্টল বসেছে।