টানা বৃষ্টিতে বাঘাইহাট-সাজেক সড়কের মাচালং এলাকায় একটি সেতু সংলগ্ন অংশ এবং সড়কের কয়েকটি স্থান পানিতে তলিয়ে যাওয়ায় সাজেক ভ্যালির সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। এর ফলে অন্তত ৬ শতাধিক পর্যটক সাজেকে আটকা পড়েছেন বলে জানিয়েছে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি।

সমিতির সভাপতি সুর্পণ দেববর্মণ বলেন, বাঘাইহাট-মাচালং সড়কের বিভিন্ন অংশ প্লাবিত হওয়ায় সোমবার ও মঙ্গলবার সাজেকে ভ্রমণে আসা পর্যটকেরা ফিরে যেতে পারছেন না। বর্তমানে তারা সাজেক ভ্যালির বিভিন্ন রিসোর্ট ও কটেজে অবস্থান করছেন।

তিনি বলেন, “বৃষ্টিপাত কমে সড়কের পানি নেমে না যাওয়া পর্যন্ত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে যাতায়াত সম্ভব হবে না। এ অবস্থায় আটকে পড়া পর্যটকদের কাছ থেকে কক্ষভাড়া নেওয়া হবে না। তারা কেবল খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সেবার ব্যয় বহন করবেন।”

রিসোর্ট মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় সড়কের বিভিন্ন নিচু অংশ পানির নিচে চলে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। তবে বৃষ্টিপাত কমে পানি নেমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের অপ্রয়োজনীয় ঝুঁকি না নিয়ে আবহাওয়া ও সড়ক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই যাত্রা শুরুর পরামর্শ দেওয়া হয়েছে।