চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ বিষয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম এবং সংগঠনের সাধারণ সম্পাদক, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন স্বাক্ষরিত এক স্মারকে তার এ নির্বাচনের বিষয়টি জানানো হয়।

স্মারক নং বাঃ পুঃ সাঃ অ্যাসোঃ/০৮-এ উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদে সহ-সাংগঠনিক সম্পাদক পদে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানকে নির্বাচিত করা হয়েছে।

মোহাম্মদ রুহুল কবির খান দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। চুয়াডাঙ্গায় যোগদানের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকবিরোধী অভিযান, অপরাধ নিয়ন্ত্রণ, জনবান্ধব পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমে তার নেতৃত্ব ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ এই পদে তার নির্বাচিত হওয়াকে চুয়াডাঙ্গা জেলা পুলিশের জন্য একটি গৌরবজনক অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এদিকে, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান। তিনি দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।