করোনা মহামারির সময় ভ্যাকসিন কেনায় মোট ৪ হাজার ৩৯৪ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার সংসদের ত্রয়োদশ অধিবেশনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবছর থেকে করোনা মোকাবিলায় ভ্যাকসিন ও সংশ্লিষ্ট সরঞ্জাম আমদানির জন্য মোট ৪ হাজার ৬৮৫ কোটি টাকার বেশি বরাদ্দ রাখা হয়েছিল। এর মধ্যে অধিকাংশ অর্থ ভ্যাকসিন ক্রয়েই ব্যয় হয়েছে।
ভ্যাকসিন কার্যক্রমের আনুষঙ্গিক খাতে ব্যয়ের তথ্যও তুলে ধরা হয়। সিরিঞ্জ কেনায় প্রায় ৩০ কোটি টাকার বেশি এবং ভ্যাকসিন পরিবহনে প্রায় ১৯ কোটি টাকার মতো ব্যয় হয়েছে। এছাড়া শিপিং ও অন্যান্য চার্জেও অতিরিক্ত অর্থ ব্যয় হয়েছে।
ভ্যাকসিন কেনায় অনিয়ম বা দুর্নীতির অভিযোগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ মন্ত্রণালয়ের কাছে আসেনি। তবে কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের পদক্ষেপের কারণে দেশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।