সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচিগামী কেটু (K2) এয়ারওয়েজের একটি কার্গো বিমান আরব সাগরের ওপর নিখোঁজ হয়েছে। বিমানটিতে পাঁচজন ক্রু সদস্য ছিলেন। তাদের সন্ধানে পাকিস্তান কর্তৃপক্ষ নৌ ও আকাশপথে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করছে।

পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির তথ্য অনুযায়ী, বোয়িং ৭৩৭-৪০০ কার্গো বিমানটি মঙ্গলবার (৭ জুলাই) রাতে করাচির আকাশসীমায় প্রবেশের আগে নেভিগেশন সিস্টেমে ত্রুটির কথা জানায়। স্থানীয় সময় রাত ৯টা ১৮ মিনিটে বিমানটির পাইলট নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এর কয়েক মিনিট পর বিমানটির সঙ্গে রাডার ও বেতার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

Advertisement

ফ্লাইট ট্র্যাকিং সেবা Flightradar24–এর প্রাথমিক তথ্য অনুযায়ী, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বিমানটির উচ্চতায় অস্বাভাবিক ওঠানামা দেখা যায়। প্রথমে এটি দ্রুত প্রায় ৫ হাজার ফুট নিচে নামে, পরে আবার কয়েক হাজার ফুট ওপরে ওঠে। এরপর প্রায় ৩৬ হাজার ৫৫০ ফুট উচ্চতা থেকে দ্রুত নিচের দিকে নামতে শুরু করে। সর্বশেষ এটি করাচি থেকে প্রায় ২৮৭ কিলোমিটার (১৫৫ নটিক্যাল মাইল) পশ্চিমে শনাক্ত হয়।

নিখোঁজ বিমানটির সন্ধানে পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ, নৌ ও বিমানবাহিনীর উড়োজাহাজ এবং একটি বাণিজ্যিক জাহাজ মোতায়েন করা হয়েছে। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এখনো বিমানটির ধ্বংসাবশেষ বা কোনো ক্রু সদস্যের সন্ধান পাওয়া যায়নি।

কেটু এয়ারওয়েজ জানিয়েছে, তারা তদন্তকারী সংস্থাগুলোর সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে এবং ক্রু সদস্যদের নিরাপদে উদ্ধারের আশা করছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উদ্ধার অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন এবং নিখোঁজ ক্রু সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।