ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেল প্রায় ৩টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি এবং বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার চালকদের মধ্যে প্রথমে বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনায় রূপ নেয়।
স্থানীয়দের দাবি, পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয় গ্রামের লোকজনকে জড়ো করা হয়। এরপর দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।