ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হামলার শিকার উত্তরা ব্যাংকের গোপিনাথপুর ইউনিয়ন শাখার প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম-(৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিংলু গ্রামের পূর্বপাড়ার মোঃ নিজাম উদ্দিনের ছেলে।
এর আগে সোমবার রাতে কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনার পর স্থানীয়র আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে ঢাকায় চিকিৎসার জন্য নেয়ার পর সেখানে একটি বেসরকারী হাসপাতালে তার মৃত্যু হয়।
অভিযোগ উঠেছে গোপীনাথপুর ইউনিয়নের নোয়ামোড়া গ্রামের মোঃ আলী হোসেন (৪৮) তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপায়। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ওই ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম ও অভিযুক্ত আলী হোসেন গোপীনাথপুরে একই বাড়িতে বসবাস করতেন। এছাড়া অভিযুক্ত আলী হোসেন উত্তরা ব্যাংক থেকে ৭/৮ লাখ টাকা লোনও নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধ কিংবা লোন সংক্রান্ত বিষয় নিয়ে এই হত্যাকান্ড হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রæত হাসপাতাল ও ঘটনাস্থলে ছুঁটে যায়। সোমবার রাত থেকেই পুলিশ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। পূর্ব বিরোধ ও আলী হোসেনের উত্তরা ব্যাংক থেকে ৭/৮ লাখ টাকা লোন নেয়ার বিষয়টি সামনে রেখে তদন্ত কাজ চলছে। পলাতক ওই ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।