বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবগঠিত স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’র প্রতিষ্ঠাকালীন ডিন হিসেবে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. মো. বাহানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন (বিভিএসডব্লিউএ)।
সোমবার (৬ জুলাই) দুপুর ১ ঘটিকায় ভেটেরিনারি অনুষদের ডিন কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের দীর্ঘদিনের শিক্ষকতা, প্রশাসনিক অভিজ্ঞতা এবং ভেটেরিনারি শিক্ষা ও গবেষণায় অবদান নবগঠিত স্কুলকে আরও সমৃদ্ধ করবে। তাঁর দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা ও পেশাগত উৎকর্ষ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অধ্যাপক ড. মো. বাহানুর রহমান ভেটেরিনারি শিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে শিক্ষার্থীদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।