ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরে গোসল করতে নেমে চাঁন বাদশা-(৮) ও রিয়ান নিয়াজ-(১২) নামে মাদরাসার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গত রোববার সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত চাঁন বাদশা উপজেলার চর-চারতলা গ্রামের আলম মিয়ার ছেলে ও মৃত রিয়ান নিয়াজ উপজেলার তালশহর গ্রামের দক্ষিণপাড়ার নাছির নিয়াজের ছেলে। এ সময় দুর্ঘটনায় রাহিম- (১৩) নামে অপর এক মাদরাসার ছাত্র আহত হয়।
স্থানীয়রা জানান, হতাহত তিনজনই বাহাদুরপুর গ্রামের খন্দকার বাবুল শাহ হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী।
গত রোববার বিকেলে খেলাধুলা শেষে তারা মাদরাসার পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় পুকুরের ওপর দিয়ে যাওয়া একটি বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে থাকায় পুরো পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে যায়। বিষয়টি বুঝতে না পেরে পানিতে নামতেই তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চাঁন বাদশা ও রিয়ান নিয়াজকে মৃত ঘোষণা করেন। আহত রাহিমকে উন্নত চিকিৎসার জন্য রাতে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হেনা মো. মোস্তফা রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসার দুই শিক্ষার্থীর মৃত্যু এবং একজন আহত হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।