চুয়াডাঙ্গা শহরের রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে ৪৯৬ অ্যাম্পুল অবৈধ বুপ্রেনরফাইন (কুপিজেসিক) ইনজেকশনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চুয়াডাঙ্গা জেলা কার্যালয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৯৯ হাজার ২০০ টাকা।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানাধীন রেল ক্রসিংয়ের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার রেলপাড়া ওয়ার্ড-৫ এলাকার মৃত আলতাপ হোসেন মালিতার ছেলে মো. জালাল উদ্দিন (৪৯)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি অভিযানিক দল রেল ক্রসিং এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি ইজিবাইকে বসে থাকা জালাল উদ্দিনকে সন্দেহ হলে তার সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে ব্যাগের ভেতরে থাকা “WIDE RANGE SERVO STABILIZER” লেখা একটি পুরোনো ও নষ্ট স্ট্যাবিলাইজারের ভেতর কাগজে মোড়ানো অবস্থায় ৪৯৬ অ্যাম্পুল কুপিজেসিক (বুপ্রেনরফাইন) ইনজেকশন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত প্রতিটি অ্যাম্পুলের পরিমাণ ২ মিলিলিটার। সে হিসেবে মোট ৯৯২ মিলিলিটার বুপ্রেনরফাইন ইনজেকশন জব্দ করা হয়েছে। এছাড়া মাদক বহনে ব্যবহৃত একটি নষ্ট স্ট্যাবিলাইজার ও একটি বাজারের ব্যাগও জব্দ করা হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত আলামত জব্দ করে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মনিরুজ্জামান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলায় মাদক নির্মূল ও মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।