বেতন-ভাতা বৃদ্ধিসহ দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাতক্ষীরা জেলার শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা। দাবি আদায় না হলে আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শনিবার (৪ জুলাই) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে তালা উপজেলার শোভাষিনী শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন সদরের এল্লারচর শাখা ডাকঘরের পোস্টমাস্টার মো. আক্তারুল ইসলাম, আশাশুনির কাদাকাটি শাখা ডাকঘরের পোস্টমাস্টার শিহাব উদ্দীন, তালা উপজেলার হরিহরনগর শাখা পোস্টমাস্টার আবুল কালাম আজাদ, ভালুকা চাঁদপুর শাখার পোস্টমাস্টার বাবু অসিত কুমার মন্ডল, রসূলপুর শাখার পোস্টমাস্টার ফারহানা খান, জগনাথপুর পোস্টমাস্টার আজরাতু জান্নাতসহবিভিন্ন উপজেলা থেকে আগত কর্মচারীবৃন্দ।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বর্তমান বাজারে দীর্ঘদিন ধরে এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মচারীরা দৈনিক মাত্র ১৫০ টাকা পারিশ্রমিকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন, যা বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সাথে চরম অসংগতিপূর্ণ।”
আন্দোলনকারীদের উত্থাপিত দুই দফা দাবি হলো— বেতন-ভাতা বর্তমানের তুলনায় তিনগুণ বৃদ্ধি করা এবং তাদের বিভাগীয় কর্মচারী হিসেবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা।
সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, এই ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামী ৬ জুলাই (সোমবার) থেকে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘটসহ আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। বক্তারা সারা দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও দ্রুত দাবি বাস্তবায়নের জোর আহ্বান জানান।