বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি শিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবং চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির (CAU) মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই চুক্তি দুই দেশের কৃষি খাতে জ্ঞান, প্রযুক্তি ও গবেষণা বিনিময়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সচিবালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়।

চুক্তি স্বাক্ষরের পর অতিথিরা বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন কার্যালয়ের তৃতীয় তলায় স্থাপিত “CAU Hub for Country and Region Studies”-এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। তিনি বলেন, আন্তর্জাতিক সহযোগিতা বর্তমান সময়ে উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম চালিকাশক্তি। এই সমঝোতা দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে এবং কৃষি গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো. বাহানুর রহমান, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আমিরুল ইসলাম।
চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবাল এগ্রিকালচার (CIDGA)-এর প্রফেসর ড. জুইলি জু (Xuili Xu) এবং প্রফেসর ড. চুয়ানহং ঝাং (Chuanhong Zhang)। এছাড়া সমঝোতা স্মারক বাস্তবায়নের স্থানীয় সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল কাদের এবং এগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সমঝোতা স্মারকের আওতায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, যৌথ গবেষণা পরিচালনা, আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশনা, আধুনিক প্রশিক্ষণ, আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনের আয়োজন এবং পারস্পরিক একাডেমিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করবে। বিশেষ করে চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির কলেজ অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবাল এগ্রিকালচার (CIDGA)-এর মাধ্যমে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।
চুক্তি স্বাক্ষরের পর অতিথিরা বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন কার্যালয়ের তৃতীয় তলায় স্থাপিত “CAU Hub for Country and Region Studies”-এর উদ্বোধন করেন। ফলক উন্মোচনের মধ্য দিয়ে বাংলাদেশে এই গবেষণা হাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, নতুন এই হাব বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি শিক্ষা, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং টেকসই কৃষি উন্নয়নে একটি কার্যকর আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। একই সঙ্গে এটি বৈশ্বিক কৃষি গবেষণায় বাংলাদেশের অংশগ্রহণ এবং আন্তর্জাতিক সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।