ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথে চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেসে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত হয়েছেন আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাস। মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশন অতিক্রমের সময় একটি পাথর ট্রেনের জানালা ভেদ করে তার ডান চোখে আঘাত করে।

আহত অবস্থায় তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং পরে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। বুধবার প্রায় চার ঘণ্টার অস্ত্রোপচারের পরও চিকিৎসকরা তার ডান চোখটি রক্ষা করতে পারেননি। শেষ পর্যন্ত চোখটি অপসারণ করতে হয়েছে।

ঘটনার পর রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। যাত্রী ও স্থানীয়দের অভিযোগ, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা দীর্ঘদিন ধরে ঘটলেও তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ ধরনের ঘটনা বন্ধে ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি, টহল জোরদার এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।