নেত্রকোণার পূর্বধলা উপজেলার পূর্বধলা-কাপাশিয়া সড়কের মেঘশিমুল এলাকায় ভাঙনের ঝুঁকি দেখা দিয়েছে। সড়কের পাশের মাটি ধসে যাওয়ায় গুরুত্বপূর্ণ এই সড়কের একটি অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় সড়কের অংশ বিশেষ ধসে পড়ে যান চলাচল ব্যাহত হতে পারে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল পূর্বপাড়া (জংলীপাড়া) ও কান্দাপাড়া সংলগ্ন এলাকায় সড়কের পাশের মাটি সরে গিয়ে গভীর খাদ সৃষ্টি হয়েছে। সড়কটির পাশ দিয়েই প্রবাহিত হয়েছে বালিয়া নদী। টানা বৃষ্টি ও নদীর পানির প্রভাবে মাটি নরম হয়ে নদীগর্ভে বিলীন হওয়ায় ভাঙনের ঝুঁকি আরও বেড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পূর্বধলা ও ধোবাউড়া উপজেলার মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এটি। প্রতিদিন হাজারো মানুষ বিভিন্ন ধরনের যানবাহনে এই সড়ক ব্যবহার করে উপজেলা সদর, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যাতায়াত করেন।
তাদের দাবি, মেঘশিমুল এলাকার ক্ষতিগ্রস্ত অংশে ইতোমধ্যে সড়কের পিচঢালা অংশেও ফাটল ও ক্ষয়ের চিহ্ন দেখা দিয়েছে। এছাড়া অতিরিক্ত বালুবোঝাই ট্রাক ও লরির চলাচল সড়কের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে, যা ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।
এলাকাবাসী দ্রুত সংস্কারকাজ শুরুর মাধ্যমে সড়কটি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ক্ষতিগ্রস্ত অংশটি পরিদর্শন করে মেরামতের জন্য প্রকল্প প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদার অতি দ্রুত সংস্কারকাজ শুরু করবেন বলে আশা করা হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, বর্ষা মৌসুমে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত সংস্কারকাজ শুরু করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
