নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী স্থানীয় ও ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সভায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা, প্রশাসনিক স্বচ্ছতা এবং আসন্ন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন নিয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশীজনদের সম্পৃক্ততা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। তিনি জানান, একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন সংকট, ল্যাব সুবিধার সম্প্রসারণ এবং অন্যান্য সমস্যা সমাধানে প্রশাসন ইতোমধ্যে কাজ শুরু করেছে।

তিনি বলেন, “শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলোর পর্যায়ক্রমে সমাধান করা হবে।”

উপাচার্য জানান, আগামী ২২ জুন বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে ৪৯ জন শিক্ষক ও শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড এবং তিনজনকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা, দোয়া মাহফিল ও অন্যান্য সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, নতুন একাডেমিক ভবন-৩ নির্মাণ প্রকল্প, বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা এবং সোনাপুর থেকে ক্যাম্পাস পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. গাজী মো. মহসিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভাটি সঞ্চালনা করেন জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. গাজী মো. মহসিন।