চট্টগ্রামের ইপিজেড থানায় দায়ের করা একটি হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. মনির খান (৩২)। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডালিমা গ্রামের বাসিন্দা এবং সুলতান খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাউফল থানার এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল মো. মহিউদ্দিনের নেতৃত্বে একটি দল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের দাবি, মো. মনির খানের বিরুদ্ধে চট্টগ্রামের ইপিজেড থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মামলাটি ২০১৫ সালে দায়ের হয় এবং এর জিআর নম্বর ১৯৮/১৫।

বাউফল থানা পুলিশ জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে চট্টগ্রামের ইপিজেড থানায় হস্তান্তর করা হবে।

এ বিষয়ে অভিযানে অংশ নেওয়া এএসআই আব্দুস সাত্তার বলেন, “আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম সংশ্লিষ্ট থানার মাধ্যমে সম্পন্ন হবে।