শেরপুরের নকলায় ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহ নির্মাণ সহায়তার অংশ হিসেবে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭জুন) উপজেলা পরিষদ হলরুমে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে নকলা উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিআরএম)।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ সহায়তায় চেক বিতরণ করলেন এমপি ফাহিম চৌধুরী
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী ও চেক তুলে দেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ ফাহিম চৌধুরী। পরে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে একটি অর্জুর গাছের চারা রোপন করেন।
এসময় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. খোরশেদুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মুক্তার, কেন্দ্রী স্বেচ্ছাসেবক দলের নেত্রী নাহার নিপু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আ: ওয়াহেদ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসান, রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপকারভোগিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেন, “বর্তমান সরকার সমাজের অনগ্রসর ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে শিক্ষা উপকরণ ও বৃত্তি এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের এই সহায়তা প্রান্তিক মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে।”
