ময়মনসিংহের নান্দাইলে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন ও পরিচালনা বিষয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত।

সভার শুরুতে ইউএনও ফাতেমা জান্নাত শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্দেশ্য, কাঠামো, তহবিল গঠন এবং পরিচালনা পদ্ধতি সম্পর্কে উপস্থিতদের বিস্তারিত অবহিত করেন। পরে ট্রাস্টের কার্যক্রমকে স্বচ্ছ ও টেকসইভাবে পরিচালনার বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীরা মতামত প্রদান করেন।

বক্তারা বলেন, সমাজের আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এ ধরনের ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা ট্রাস্টের তহবিল সমৃদ্ধ করতে সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায় এবং সাংবাদিক এনামুল হক বাবুল ও আলম ফরাজী।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।