মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চুয়াডাঙ্গা সদর থানার উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় বাসস্ট্যান্ড এলাকায় ‘ওপেন হাউজ ডে’ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলেই একটি নিরাপদ ও সুস্থ সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।

সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি জোরদার এবং আইন প্রয়োগের পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাদককে ‘না’ বলে সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

রেজাউল করিম লিটন
চুয়াডাঙ্গা প্রতিনিধি।