নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীতে মাছ ধরার সময় অজ্ঞাত অস্ত্রধারীদের গুলিতে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরেক জেলে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে রক্ষা পান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাহাবুল ইসলাম (৪৫) পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের বাসিন্দা। তার সঙ্গে থাকা রবিউল ইসলাম (৩৭) একই উপজেলার সাড়া চানমাড়ী গোরস্থান এলাকার বাসিন্দা। তারা দুজন গত কয়েকদিন ধরে লালপুর উপজেলার রাইটার চরসংলগ্ন পদ্মা নদীতে মাছ ধরছিলেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার (১৫ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিট থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে নদীর তীরবর্তী চর এলাকা থেকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাদের নৌকাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সাহাবুল ইসলাম গুলিবিদ্ধ হন। গুলিটি তার কাঁধে আঘাত করে শরীর ভেদ করে বেরিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার সময় সঙ্গে থাকা রবিউল ইসলাম আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দেন এবং সাঁতরে নিরাপদ স্থানে চলে যান। পরে তিনি স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানালে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে পদ্মা নদীর ওই এলাকা থেকে সাহাবুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি শ্যালো ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাও উদ্ধার করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে লালপুর থানা পুলিশ ও লক্ষীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাটির আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের সঙ্গে থাকা রবিউল ইসলামও হামলাকারীদের শনাক্ত করতে পারেননি বলে জানিয়েছেন। ঘটনার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
