ময়মনসিংহের ধোবাউড়ায় কর্মসংস্থান ব্যাংকের ২৯০তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।
কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল, সাবেক অতিরিক্ত সচিব রেবা সাহা, ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান এবং ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন।
অনুষ্ঠানে ব্যাংকের কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরে স্বাগত বক্তব্য দেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিজন কান্তি সরকার ফিতা কেটে কর্মসংস্থান ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করেন। পরে তিনি স্থানীয় উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করেন।
এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করা হয়।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তার চেক প্রদান করা হয়।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
