দুই দশকেরও বেশি সময় পর কক্সবাজার সফরে গিয়ে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৩ জুন) সকালে ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী। সফরের শুরুতেই তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় অবস্থিত পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই পিএমখালী এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। কক্সবাজার বিমানবন্দর থেকে পাতলী খাল পর্যন্ত সড়কের দুই পাশে বৃষ্টি উপেক্ষা করে হাজারো নেতাকর্মী ও সমর্থক ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাকে স্বাগত জানান।

ঐতিহাসিকভাবে পাতলী খাল বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন ও সেচব্যবস্থার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচি গ্রহণ করেন, যার লক্ষ্য ছিল কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। পিএমখালীর পাতলী খাল সেই কর্মসূচির অন্যতম স্মারক হিসেবে পরিচিত। ১৯৭৯ সালের নভেম্বরে জিয়াউর রহমান নিজেই এই খাল খনন কর্মসূচির উদ্বোধনে অংশ নিয়েছিলেন।

এদিকে স্থানীয় উদ্যোগের পাশাপাশি সরকারও জাতীয় পর্যায়ে বৃহৎ খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করছে। পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং কৃষি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, প্রথম ধাপে চলতি বছরের জুন পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, খাল পুনঃখননের পাশাপাশি খালের পাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং অবৈধ দখল উচ্ছেদেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর রাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।