রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্‌-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার করা রোগীদের দ্রুত ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি ছয়টি হাসপাতালে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের ১১ জুন জারি করা স্মারক অনুযায়ী আদ্‌-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ পরিস্থিতিতে হাসপাতালটি থেকে রেফার করা রোগীদের চিকিৎসাসেবা যেন ব্যাহত না হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি হাসপাতালগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আদ্‌-দ্বীন হাসপাতাল থেকে রেফার করা রোগীদের নিম্নোক্ত ছয়টি সরকারি হাসপাতালে তাৎক্ষণিকভাবে ভর্তি ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে বলা হয়েছে—

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল
মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রেফারকৃত রোগীদের চিকিৎসা প্রক্রিয়ায় কোনো ধরনের বিলম্ব বা অবহেলা না করে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।