ময়মনসিংহের নান্দাইলে মাদক ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে আলামিন শেখ (৬০) নামে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ জুন) জুমার নামাজের পর উপজেলার সিংরইল ইউনিয়নের উদংমধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রাত ৯টার দিকে আলামিন শেখের স্ত্রী শামীলা আক্তার বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আলামিন শেখের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। শুক্রবার জুমার নামাজের পর কয়েকশ মানুষ তাঁর বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়। এতে বাড়ির বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
তবে ভুক্তভোগী পরিবারের দাবি, মাদক ব্যবসার অভিযোগকে সামনে এনে পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে।
আলামিন শেখের মেয়ে রুজিনা আক্তার বলেন,
“আমাদের বাড়ির পাশের জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে। সেই বিরোধের জের ধরে এলাকার কিছু লোক বাইরের লোকজন এনে আমাদের বাড়িতে হামলা চালিয়েছে। তারা নগদ ৫০ হাজার টাকা, প্রায় ২৫ মণ ধান ও চালসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। হামলার সময় আমার মাকেও মারধর করা হয়েছে।”
মাদক ব্যবসার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন,
“আমার বাবা মাদক সেবন করেন, তবে তিনি মাদক বিক্রি করেন না।”
অন্যদিকে স্থানীয় বাসিন্দা মো. সম্রাট আকবর দাবি করেন, আলামিন শেখ প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ বিষয়ে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে এসে তিনি পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। এ কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাঁর বাড়িতে ভাঙচুর চালায়।
একই গ্রামের বাসিন্দা মো. হিরা মিয়া বলেন,
“আলামিন শেখ, তাঁর স্ত্রী ও ছেলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী অনেকবার সতর্ক করলেও তারা তা আমলে নেয়নি। পরে জুমার নামাজের পর কয়েকশ মানুষ একত্রিত হয়ে তাদের বাড়িঘরে ভাঙচুর চালায়।”
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন,
“এ ঘটনায় আলামিন শেখের স্ত্রী থানায় লিখিত অভিযোগ করেছেন। আলামিন শেখের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
