নেত্রকোনার মোহনগঞ্জে স্টার্টআপ সায়েন্স প্রজেক্টের আওতায় ‘ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
শুক্রবার সকাল ১০টায় মোহনগঞ্জ উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এম. এ. কাদের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম. এস. দোহা এবং মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ।
‘মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর ধারণা প্রদর্শন করে।
প্রধান অতিথির বক্তব্যে লুৎফুজ্জামান বাবর বলেন, হাওরাঞ্চল হিসেবে পরিচিত মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুড়ি এলাকার শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে বলেও তিনি জানান।
তিনি বলেন, কৃষি খাতকে আরও বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর করে তুলতে হবে। বিশ্বায়নের এই যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের বিষয়ে অধিক জ্ঞান অর্জন করতে হবে।
সংসদ সদস্য আরও বলেন, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলায় বিজ্ঞান ও উদ্ভাবনভিত্তিক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। বর্তমান বিশ্ব দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। তাই দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের সক্ষমতা বৃদ্ধিতে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন অতিথিরা এবং শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরও উৎসাহিত করার আহ্বান জানান।
