ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ৬ হাজার কেজি ভারতীয় জিরা এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্য ও যানবাহনের আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল ৫টার দিকে সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৬ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত জিরা দেশে অবৈধভাবে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দকৃত জিরা ও কাভার্ড ভ্যানের সম্মিলিত সিজার মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত মালামাল ও যানবাহন আখাউড়া কাস্টমস হাউসে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে তাদের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।