ফেনীর পরশুরামে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একাধিক মামলার আসামি ফাতেমা আক্তার (৩৫) গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার উত্তর বাউরখুমা তালুকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পরশুরাম মডেল থানা পুলিশ। তিনি ওই এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, ফেনীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ গোলাম হক্কানী ও এসআই মোস্তফা কামালের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

থানা সূত্র জানায়, সিডিএমএসে (CDMS) তথ্য যাচাই করে দেখা গেছে, ফাতেমা আক্তারের বিরুদ্ধে ফেনী সদর ও পরশুরাম থানাসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ২০০৯, ২০১৭, ২০১৮, ২০২১, ২০২২ ও ২০২৫ সালে দায়ের হওয়া মামলাও অন্তর্ভুক্ত।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।”