পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুরের ছয়টি উপজেলার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ ১০ লাখ টাকার মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম। তিনি উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির এস. ইউ. এম. রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এ. আর. হাফিজ উল্লাহ, জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কুমিল্লা অঞ্চল পরিচালক ওয়ারেছা আমিন, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, রায়পুর পৌরসভা জামায়াতের আমির ফজলুল করিম, জামায়াত নেতা আবদুর রহমান, মমিন উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মারজিয়া বেগম বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সুবিধাবঞ্চিত মানুষের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা সঠিকভাবে বিতরণ করতে পারা আমাদের জন্য একটি দায়িত্ব। এটি রাষ্ট্রীয় আমানত হিসেবে গ্রহণ করে আমরা যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, “সীমিত এই বরাদ্দ হলেও যদি আমরা তা সঠিকভাবে উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে পারি, তবে সেটিই হবে আমাদের স্বস্তি ও দায়িত্ব পালনের সার্থকতা। ভবিষ্যতে যাতে কোনোভাবেই গরিবের হক ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকা উচিত।