ব্রাহ্মণবাড়িয়ায় শিশু রামিসাসহ সারাদেশে সকল ধর্ষণ, হত্যাকান্ড ও মব-সন্ত্রাসের বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়া এই কর্মসূচির আয়োজন করে।
শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুন নূর, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মো. জামাল, জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও ঢাবিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যান পরিষদের সাধারণ সম্পাদক রিফতি আল জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমির হামজা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহয়ী শারদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফ জাওয়াদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুজ্জামান দিমন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আনোয়ার মঞ্জু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলতানা আক্তার মীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঐশী কবির। সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি সাজিদুল ইসলাম
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণ, হত্যাকান্ড ও মব-সন্ত্রাসের বিরুদ্ধে সরকারকে কঠোর হতে হবে। পরবর্তীতে যেন কোনো শিশু-নারী ধর্ষণের শিকার না হয়। নিরাপদ মৃত্যুর নিশ্চয়তা চাই। আমরা রাজপথে আর দাঁড়াতে চাই না। বিচারহীনতার ও আস্থাহীনতার সংস্কৃতি চাই না। শিশু-নারী ধর্ষণ-হত্যার বিচারের দীর্ঘসূত্রতার অবসান হোক।
বক্তারা বলেন, পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর ও বাসযোগ্য পৃথিবী দিতে চাই। আমরা আর কোনো রামিসা-তনুর লাশ দেখতে চাই না।
এর আগে বেলা ১১টার দিকে একই স্থানে দেশব্যাপী খুন, ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদসহ শিশু রামিসা হত্যার দ্রæত বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে সামাজিক সংগঠন সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া। কর্মসূচিতে কোহিনুর আক্তারের সভাপতিত্বে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সভাপতি শেখ আরিফ বিল্লাহসহ অনেকেই বক্তব্য রাখেন।