হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে সামনে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লেগে পিতা-পুত্র নিহত হয়েছেন।
শনিবার রাত ১০টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পোদ্দারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হবিগঞ্জ পৌরসভার সুলতান মাহমুদপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৫৫) ও তার ছেলে জাকির হোসেন (২০)।
পুলিশ জানায়, রাতে আব্দুল কাইয়ুম তার ছেলে জাকির হোসেন মোটরসাইকেলযোগে ধুলিয়াখালের দিকে যাচ্ছিলেন। পথে পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিতা-পুত্রকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের পেছনে ঢুকে যায়। এতে পিতা-পুত্র নিহত হয়েছেন।
