ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফুটপাতের ব্যবসায়ীদের অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিডস্টোর বাজার এলাকায় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করতে যান ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন। এ সময় ফুটপাতের ব্যবসায়ীরা অভিযানে বাধা দেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসন সাময়িকভাবে অভিযান স্থগিত করে।
ফুটপাতের ব্যবসায়ীদের অভিযোগ, পুনর্বাসনের কোনো ব্যবস্থা ছাড়াই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে জীবিকা হারানোর আশঙ্কায় তারা বিক্ষোভে অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মহাসড়কে অবরোধ চলতে থাকে। পরে স্থানীয় বিএনপি নেতারা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন।
হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাশান এবং সাবেক হবিরবাড়ী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রফি উদ্দিন সরকার রফিক প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ প্রত্যাহার করেন।
এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে দীর্ঘ যানজটের কারণে রাত পর্যন্ত ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রী ও পরিবহন চালকদের।