নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: বেহেশতের টিকেট নয়,ধানের শীষের উপর আস্থা রেখেছেন বলেই বিএনপি সরকার গঠন করেছে। আর আমি নির্বাচনের পরে এসে আপনাদের ফ্যামিলি কার্ড উপহার দিলাম। শনিবার (১৬ মে) বিকালে নিজ সংসদীয় আসন নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর ভেলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চর ভেলামারী গ্রামের ৭৩০ টি পরিবার কে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়। ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানটি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত থেকে বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিমন্ত্রী বলেন- নির্বাচনের আগে বিএনপি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ও মুয়াজ্জিনের বেতন, অবকাঠামো উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করছে। ইতিমধ্যে রাস্তাঘাট, খাল পুন: খনন সহ বিভিন্ন অবকাঠামোর ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। আগামী বাজেটের পরে আরও দৃশ্যমান উন্নয়ন হবে।
তিনি আরও বলেন- ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২ হাজার ৫শত টাকা উপকারভোগীর মোবাইলে চলে যাবে। সেই টাকা দিয়ে পরিবারের কাজে লাগাবেন। কিছু টাকা দিয়ে হাঁস,মুরগি কিনে আয় করবেন। এতে পরিবারের স্বচ্ছতা ফিরে আসবে। পর্যায়ক্রমে নান্দাইলের সকল পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় চলে আসবে।
আরও বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা প্রশাসন মো. সাইফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর ইসলাম আকন্দ সহ প্রমুখ। এসময় নান্দাইল উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপকারভোগী সহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।