হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে রাখে পরিবহন মালিক-শ্রমিকরা। এতে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
শনিবার ১৬ মে) দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ এলাকায় মহাসড়কের ওপর বাস দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে শ্রমিকরা। এ সময় মহাসড়কের উভয় পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে।
শ্রমিকরা জানান, দীর্ঘ ৫২ বছর ধরে হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার সড়কে বিরতিহীন পরিবহন চলাচল করে আসছে। কিন্তু সম্প্রতি মৌলভীবাজারের একটি পক্ষ তাদের বাস চলাচলে বাধা দিচ্ছে। গত ১০ মে মৌলভীবাজারে বিরতিহীন বাস আটকে শ্রমিকদের মারধরের ঘটনাও ঘটে।
এর প্রতিবাদে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ সিলেটসহ জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। পরে প্রশাসনের আশ্বাসে বাস চলাচল স্বাভাবিক হলেও আজ সকালে আবারও মৌলভীবাজারে বাস ও শ্রমিকদের আটকিয়ে মারধরের অভিযোগ ওঠে।
এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ অংশে অবরোধ কর্মসূচি পালন করে।
পরে দুপুর আড়াইটার দিকে প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়। তবে দ্রুত সমস্যার সমাধান না হলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।