মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে বিমানবাহী রণতরী ‘শার্ল দ্য গোল’কে হরমুজ প্রণালির কাছাকাছি অঞ্চলে মোতায়েন করছে ফ্রান্স। দেশটির সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধজাহাজটি আরব সাগরের দিকে অগ্রসর হচ্ছে এবং ইতোমধ্যে ওই অঞ্চলে পৌঁছেছে।
শুক্রবার ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি অ্যালিস রুফো এ তথ্য জানান। তিনি বলেন, “জাহাজটি আরব সাগরের দিকে এগোচ্ছে এবং বর্তমানে ওই এলাকায় অবস্থান করছে।”

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা শুরু হয়। হামলার জবাবে তেহরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়। এরই ধারাবাহিকতায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অস্থিরতা তৈরি হয়।

Advertisement

বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে পরিস্থিতির অবনতি আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলেছে। বিশেষ করে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেয়।

পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা দীর্ঘমেয়াদি কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন।
তবে যুদ্ধবিরতির পরও উত্তেজনা পুরোপুরি কমেনি। গত ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে ইরানি সামুদ্রিক চলাচল পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ জোরদার করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে। এ নিয়ে অঞ্চলটিতে ছোটখাটো সংঘর্ষ ও সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের মতে, ফ্রান্সের যুদ্ধজাহাজ মোতায়েন মধ্যপ্রাচ্যের সামরিক পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে যেতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তা নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়েছে।