দেশের ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন নাগরিক। ফলে বর্তমানে মোট ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে সর্বশেষ হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে নতুন ভোটারদের তালিকাভুক্ত করা হয়েছে। এর আগে দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। নতুন ভোটার যুক্ত হওয়ায় ভোটার বৃদ্ধির হার দাঁড়িয়েছে প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ।
বর্তমান ভোটার তালিকার পরিসংখ্যানে দেখা গেছে, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নিয়মিত হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে নতুন ভোটার অন্তর্ভুক্ত হওয়ায় নির্বাচনী ব্যবস্থার গ্রহণযোগ্যতা ও গণতান্ত্রিক অংশগ্রহণ আরও শক্তিশালী হবে।